শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ৩১ অক্টোবর ২০২৬
ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের পথসভায় বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের জায়গার নাম ভাঙ্গা। আসলে সারা দেশের কোমর ভাঙা। তাই দেশ মেরামত করতে হবে, সংস্কার করতে হবে।’
শনিবার (৩১ অক্টোবর) সকালে ভাঙ্গা পৌরসভা কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে আয়োজিত পথসভায় গাড়ি থেকে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের তাড়াতে হবে। দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে। এটি জনগণের লড়াই, মুক্তির লড়াই। আমরা সাত দফা নিয়ে রাস্তায় নেমেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের দাম কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দূর করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।’
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে নেতাকর্মীরা সমর্থন জানান।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে গাড়িবহর নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় লংমার্চ।
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট এ লংমার্চের আয়োজন করেছে। এর আগে চট্টগ্রাম ও রংপুর বিভাগ অভিমুখেও লংমার্চ করেছে জোটটি।
লংমার্চে শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঢাকা এক্সপ্রেস/এসআই