শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৩৭, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৭, ৩১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।
মাহদী আমিন বলেন, পুনঃপরীক্ষার ব্যবস্থা করার উদ্দেশ্য হলো, কোনো শিক্ষার্থীর যেন একটি বছর নষ্ট না হয়। তারা যেন পছন্দের বিষয়ে ভর্তি হতে পারে, উচ্চশিক্ষায় যেতে পারে কিংবা বিকল্প কোনো পেশা বা শিক্ষার ধারায় মনোনিবেশ করতে পারে। কর্মক্ষেত্রের জন্যও একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চায় সরকার।
তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। যারা এইচএসসি পাস করেছে কিংবা আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা ও বিকল্প সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পথ তৈরি করতে সরকারের সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।
সবার উচ্চশিক্ষার প্রয়োজন নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, সবাইকে যে ডাক্তার বা প্রকৌশলী হতে হবে, বিষয়টি এমন নয়। প্রধানমন্ত্রী সব সময় বলেন, প্রতিটি শিক্ষার্থীর মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে তার পছন্দের বিষয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ-সুবিধা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
কৃতকার্য শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে মাহদী আমিন বলেন, প্রত্যেক শিক্ষার্থী যেন তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, সেটি সরকার চায়। সেটি প্রকৌশল, চিকিৎসা কিংবা প্রচলিত বিশ্ববিদ্যালয়ের পছন্দের কোনো বিষয় হতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসএস