শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৩৬, ৩১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কারণে টানা ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে শঙ্কা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছেন তিনি।
‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনে তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য প্রকাশ পেয়েছে।
তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
ঢাকা এক্সপ্রেস/এসএস