ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের সব বিষয় বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৭, ৩১ অক্টোবর ২০২৬

সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদের সব বিষয় বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী

ছবি: ঢাকা এক্সপ্রেস

সংবিধান সংশোধন ছাড়া জুলাই জাতীয় সনদের সব বিষয় বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংবিধানের ধারাবাহিকতা বজায় রেখে প্রয়োজনীয় সংশোধন জাতীয় সংসদের মাধ্যমেই করতে হবে। কিন্তু বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় না গিয়ে নিজেদের দাবি চাপিয়ে দিতে চাইছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বরেণ্য রাজনীতিবিদ মরহুম শামসুল হুদার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠন এ সভার আয়োজন করে।

খুলনায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সংসদে ডাকা হয়েছে। আপনারা আসুন, আমরা একসঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।’

তিনি বলেন, জুলাই সনদের যেসব বিষয় সংবিধানের সঙ্গে সম্পর্কিত, সেগুলো বাস্তবায়নে সাংবিধানিক সংশোধন প্রয়োজন। আর যেসব বিষয়ে সাধারণ আইন প্রণয়ন করলেই হবে, সেগুলো সংসদে আইন পাসের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রধানমন্ত্রী বিনিয়োগ, ঋণ, অনুদান ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছেন। চীন ও জাপান সফরের মাধ্যমে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

জাপান সফরে টয়োটার প্রধান কার্যালয় পরিদর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশে টয়োটার কারখানা স্থাপন ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের সম্ভাবনা নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিল্পকারখানা গড়ে উঠলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিষয়ে রিজভী বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং দারিদ্র্য কমবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার।

বিরোধী দলের উদ্দেশে রিজভী বলেন, অপপ্রচার ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সরকারের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। বিএনপি সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের রাজনীতি করে।

স্মরণসভায় মরহুম শামসুল হুদার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আদর্শবান ও সাহসী রাজনীতিবিদ হিসেবে তিনি দলীয় আদর্শের প্রতি অবিচল ছিলেন। তাঁর অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন