ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

৫ কার্তিক ১৪৩৩, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাশিয়ায় ভূগোল অলিম্পিয়াডে লড়বে বাংলাদেশের ৯ সদস্যের দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:৫৫, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৬, ২০ অক্টোবর ২০২৬

রাশিয়ায় ভূগোল অলিম্পিয়াডে লড়বে বাংলাদেশের ৯ সদস্যের দল

ছবি: সংগৃহীত

রাশিয়ার সোচি অঞ্চলের সিরিয়াস ফেডারেল টেরিটরিতে আগামী ২৪ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে মাল্টিন্যাশনাল ইয়ুথ জিওগ্রাফি অলিম্পিয়াড।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পাঁচ শিক্ষার্থী, তিন দলনেতা ও একজন পর্যবেক্ষকসহ নয় সদস্যের বাংলাদেশ দল রাশিয়া যাচ্ছে। গত ১০ অক্টোবর জিরো কম্পিটিশনস লিমিটেডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত টিম সিলেকশন টেস্টের (টিএসটি) মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ দলের পাঁচ শিক্ষার্থী হলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের মিনহাজুল ইসলাম তাহমিদ, সরকারি বিজ্ঞান কলেজের শাহরিয়ার নূর, রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের মো. তাওসিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের আরিফা আতিক মীম এবং নটর ডেম কলেজের তানভীর সাদাত। দলনেতা হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. আইমান মাহমুদ ও তাসিন মোহাম্মাদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমেদ।

দলের পর্যবেক্ষক হিসেবে থাকছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আহনাফ তাহমিদ উদ্দিন। জিরো কম্পিটিশনস ও সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করছে। এ উদ্যোগে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ও ঢাকা বিশ্ববিদ্যালয়। আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে। প্রতিযোগিতা হবে তাত্ত্বিক, মাল্টিমিডিয়া ও ব্যবহারিক পর্বে। তাত্ত্বিক পর্বে ভৌত ভূগোল, মানব ও অর্থনৈতিক ভূগোল, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে। মাল্টিমিডিয়া পর্বে মানচিত্র, স্যাটেলাইট চিত্র ও ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করতে হবে। আর ব্যবহারিক পর্বে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, মানচিত্র তৈরি এবং আঞ্চলিক সমস্যার সমাধান প্রস্তাবের কাজ থাকবে।

প্রতিযোগিতার পাশাপাশি ভূতথ্যব্যবস্থা (জিআইএস), রিমোট সেন্সিং, পরিবেশ সংরক্ষণ ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ে কর্মশালা এবং শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এদিকে দেশে ভূগোল ও ভূতত্ত্ব বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রতিবছর বাংলাদেশ জিওগ্রাফি অলিম্পিয়াড আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের আশা, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা ভৌগোলিক তথ্য বিশ্লেষণ, মাঠপর্যায়ে গবেষণা ও বাস্তব সমস্যা সমাধানে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

ঢাকা এক্সপ্রেস/ ই

আরও পড়ুন