ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে দুই ভাই

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৭, ১৯ অক্টোবর ২০২৬

যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে দুই ভাই

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউছার হত্যা মামলায় গ্রেপ্তার দুই ভাই তৌহিদ ও তানজিরকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাঁদের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের ১৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিংকু।

এর আগে শনিবার কুমিল্লা জেলা পুলিশের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।

পুলিশ জানায়, ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গাকে কেন্দ্র করে তৌহিদ ও তানজিরের সঙ্গে কাউছার ও শামীমের বিরোধ চলছিল।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ওই জায়গায় কফি শপ নির্মাণের কাজ করছিলেন তৌহিদ, তানজিরসহ কয়েকজন। এ সময় কাউছার ও শামীমসহ কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তৌহিদ ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তৌহিদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে কাউছার গুরুতর আহত হন। এ ঘটনায় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। পরে কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার মধ্যরাতে কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। একই রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তানজিরকে গ্রেপ্তার করে র‌্যাব।

পুলিশ আরও জানায়, তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ সাতটি মামলা রয়েছে। তানজিরের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন অথবা তদন্তাধীন রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন