ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৪ কার্তিক ১৪৩৩, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫০, ১৯ অক্টোবর ২০২৬

৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

ছবি: ঢাকা এক্সপ্রেস

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সামঞ্জস্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানান, ২০২৬-২৭ অর্থবছরে এ বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে। এটি আগের সংশোধিত বাজেটের তুলনায় ৪২ দশমিক ৭ শতাংশ বেশি।

বৈঠকে অবসরপ্রাপ্ত প্রায় ৭০ হাজার শিক্ষক-কর্মচারীর বকেয়া পাওনা ইএফটি ও আইবাস++ পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর উদ্যোগের কথাও জানানো হয়। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানায় সংসদীয় কমিটি।

এ ছাড়া শর্ত পূরণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রবীণ শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তি এবং ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব তুলে ধরা হয়।

মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার কারণ অনুসন্ধানে গবেষণা, সংসদ সদস্যদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং পরবর্তী বৈঠকগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাবোর্ডের প্রধানদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রচলিত মূল্যায়ন পদ্ধতির পরিবর্তে বছরভিত্তিক শিখনফল মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষানীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সদস্য রেজা কিবরিয়া বলেন, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়ে শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক সূচকে পিছিয়ে না পড়ে, সে জন্য সুনির্দিষ্ট বছরভিত্তিক আন্তর্জাতিক মানদণ্ড চালু করা জরুরি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন