ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩, ২৮ রবিউস সানি ১৪৪৮

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৬, ১১ অক্টোবর ২০২৬

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে দেওয়া হবে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি।

সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের এক সভায় সমাবর্তনের তারিখ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রস্তুতি নিয়ে রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, খায়রুল কবির খোকন এমপি ও এ. কে. এম. ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং দপ্তরপ্রধানেরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের আবেদন নেওয়া শুরু হবে আগামী ১ নভেম্বর; চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সমাবর্তন আয়োজনের জন্য সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়। উপাচার্য অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন