শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৬, ৯ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
বদলি ও সংযুক্তির আদেশের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করা শিক্ষকদের তথ্য দ্রুত ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইপিইএমআইএস) হালনাগাদ করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) অধিদপ্তরের তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২১ জুনের স্মারকের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির মাধ্যমে বর্তমানে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শিক্ষকদের বদলি ও পদায়ন কার্যক্রম চলছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায় থেকে বেশ কিছু বদলি ও সংযুক্তির আদেশ জারি করা হয়েছে।
তবে এসব আদেশের পর সংশ্লিষ্ট শিক্ষকেরা নতুন কর্মস্থলে যোগদান করলেও আইপিইএমআইএসে তাঁদের তথ্য হালনাগাদ করা হয়নি। এর ফলে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভাগীয় উপপরিচালকেরা নিজ নিজ আইডি ব্যবহার করে আইপিইএমআইএসে প্রবেশ করতে পারবেন। এরপর তাঁদের অধিক্ষেত্রের শিক্ষকদের বদলি ও সংযুক্তিসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে পারবেন।
এ ছাড়া বদলি বা সংযুক্তির আদেশ নিয়ে কোনো জটিলতা দেখা দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বদলি ও সংযুক্তির আদেশের পর নতুন কর্মস্থলে যোগদান করা শিক্ষকদের তথ্য সংযুক্তিতে উল্লেখিত ধাপ অনুসরণ করে আইপিইএমআইএসে অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস