ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

২৪ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৩, ৯ অক্টোবর ২০২৬

‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাজধানী ঢাকায় অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অটোরিকশার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ টেনে চিফ হুইপ বলেন, এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া দলগুলোর নেতাদের বক্তব্যের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, তাঁরা অনেক সময় অশ্লীল বক্তব্য দেন। ৫ আগস্টের পর থেকে এ ধরনের বক্তব্য শুনতে হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে অশ্লীলতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চ কর্মসূচিরও সমালোচনা করেন চিফ হুইপ। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিবারই বিএনপি দেশকে সেই সংকট থেকে টেনে তুলেছে। তাঁর দাবি, বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশে বিদ্যুৎ-সংকটের জন্য শেখ হাসিনার সরকারের নীতিকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস-সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় দেশে দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও দাবি করেন চিফ হুইপ। তাঁর ভাষ্য, হামের টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়ার খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন