ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩, ২৬ রবিউস সানি ১৪৪৮

‘ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৩, ৮ অক্টোবর ২০২৬

‘ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ’

ছবি: ঢাকা এক্সপ্রেস

ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারত থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। পানি বণ্টনের বিষয়ে আন্তর্জাতিক আইনে বাংলাদেশের অবস্থান রয়েছে। একই সঙ্গে দেশের জনগণের সমর্থন ও আকাঙ্ক্ষাও আলোচনার টেবিলে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে পানি ইস্যুতে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সংলাপের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, পানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এ কমিটিতে আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

দুই দেশের পানি বণ্টন চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় প্রতিনিধিদের নাম পাওয়ার পর বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সঙ্গে সংলাপ ও আলোচনা শুরু করতে পারবেন। এখন ভারতের জবাবের অপেক্ষা করছে বাংলাদেশ।

ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আশাবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই জবাব পাওয়া যেতে পারে। এরপর আলোচনার মাধ্যমে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি হবে।

তিনি বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি নিয়ে আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে হবে।

পানি ভাগাভাগির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের আলোচনার অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন