ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৯, ২৪ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। এদিন সন্ধ্যা ৭টায় ১১২ জন কর্মীকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এ ফ্লাইটের উদ্বোধন করবেন। প্রথম দফায় মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন এসব কর্মী। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে। তাঁদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম-খুনের শিকার পরিবার ও জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।

প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে শ্রমবাজারে সিন্ডিকেটের কারণে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে।

এ ছাড়া প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং হুন্ডি প্রতিরোধেও সরকারের উদ্যোগের কথা জানান তিনি।

তবে প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনো জানা যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন