ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

চামড়াশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪৫, ২১ নভেম্বর ২০২৬

চামড়াশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

ছবি : সংগৃহীত

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, কর্মচারীদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বাড়বে।

গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন এ খাতের শ্রমিক-কর্মচারীরা। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে। আর কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড

নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের সর্বনিম্ন মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এ মজুরির মধ্যে মূল বেতন ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে ২ হাজার ৯০০ টাকা রয়েছে।

অন্য গ্রেডগুলোর মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।

কর্মচারীদের জন্য চারটি গ্রেড

কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এতে মূল বেতন ৭ হাজার ৬৭০ টাকা, বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা ২ হাজার ৯০০ টাকা।

এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।

দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে নির্ধারিত মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। অন্যদিকে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে।

তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন