ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, ৩ ঘণ্টায় গণনা ১০ কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৩, ২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা, ৩ ঘণ্টায় গণনা ১০ কোটি

ছবি: ঢাকা এক্সপ্রেস

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানসিন্দুক ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্স খোলার পর এসব টাকা পাওয়া যায়। সকাল ৯টায় গণনা শুরু হয়ে তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো চলছে গণনার কাজ।

শনিবার রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে সেখান থেকে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টায় গণনা শুরু হয়।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। এ সময় পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। সেটিই ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ দানের রেকর্ড। টাকার পাশাপাশি সেবারও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।

মসজিদের দান থেকে পাওয়া অর্থ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এসব অর্থ মসজিদের ১৩টি ব্যাংক হিসাবে এফডিআর হিসেবে জমা রাখা হয়েছে। এ পর্যন্ত সেখানে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।

এদিকে পাগলা মসজিদকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক তুর্কি স্থাপত্যশৈলীতে নির্মিতব্য ১০ তলা এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৬০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা।

গত ১২ অক্টোবর মসজিদের দানসিন্দুকে পাওয়া স্বর্ণালংকার, রুপার অলংকার ও বৈদেশিক মুদ্রার হিসাব নির্ধারণ করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার, ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার এবং ১৭টি দেশের মুদ্রা পাওয়া যায়। এসব মূল্যবান সামগ্রী নিলামে বিক্রি এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হার অনুযায়ী নগদায়নের সিদ্ধান্ত রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন