ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

মালয়েশিয়ার কথা বলে সাগরে ঘুরিয়ে কক্সবাজারে নামিয়ে দিল ৭২ জনকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:০৩, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৬, ২১ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার কথা বলে সাগরে ঘুরিয়ে কক্সবাজারে নামিয়ে দিল ৭২ জনকে

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ৭২ জনকে ট্রলারে তুলে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়েছে একটি দালাল চক্র। পরে তাদের কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকিরা পালিয়ে গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা। মালয়েশিয়া যাওয়ার আশায় তারা দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, গত ১৬ নভেম্বর টেকনাফের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নেওয়া হয়। পরে তাদের একটি বড় কাঠের ট্রলারে তোলা হয়। সেখান থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সেন্ট মার্টিনের কাছে অবস্থান নেয় সেটি।

পরবর্তী সময়ে মালয়েশিয়া যাত্রা নিয়ে মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার রাতে যাত্রীদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২৫ পুরুষ, দুই নারী ও এক শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাদের পাশাপাশি টেকনাফ, নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। পরিচয় শনাক্তের পর রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন