শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩২, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও গণহত্যার শিকার শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষার বাইরে দলটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। পিলখানা, শাপলা চত্বর, জুলাই গণঅভ্যুত্থান ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
হেফাজতের নেতারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের দাবি, দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং বিভিন্ন স্থানে সহিংস কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হলেও দলটি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। তাই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতীতের নির্যাতন ও নৃশংসতার শিকার শহীদ পরিবার এবং আহতদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হেফাজতের দুই শীর্ষ নেতা।
ঢাকা এক্সপ্রেস/এসআই