শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:৩১, ২১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কনসার্টে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন ক্যাফেটেরিয়ার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, ৪৯তম ব্যাচের আয়োজিত কনসার্টে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৩তম ব্যাচের শিক্ষার্থীদের পেছনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ধোঁয়া আসায় নিলয় ও জিসান তাদের ধূমপান করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জিসানের কলার ধরেন এক শিক্ষার্থী। পরে আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগে বলা হয়, কনসার্ট শেষে ক্যাফেটেরিয়া থেকে মাঠে যাওয়ার পথে দুই পক্ষের আবারও কথা-কাটাকাটি হয়। এ সময় ৫২তম ব্যাচের শাহরিয়ার দিহান পেছন থেকে হেলমেট দিয়ে নিলয়ের মাথায় আঘাত করেন। এতে তিনি সিঁড়ি থেকে পড়ে গেলে তাকে মারধর ও লাথি মারা হয়। এ সময় সঙ্গে থাকা নারী শিক্ষার্থীদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিলয়ের মাথা ফেটে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়। আহত জিসানকেও অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সামিহা সাদাফ চোখে আঘাত পেয়েছেন।
তবে ৫২তম ব্যাচের ছয় শিক্ষার্থীর পাল্টা অভিযোগে বলা হয়েছে, ধূমপান করতে নিষেধ করার পর তারা তা বন্ধ করেন। পরে এ বিষয়ে কথা বলতে গেলে জিসান দিহানের কলার চেপে ধরেন। এরপর আলোচনার জন্য সিঁড়ির কাছে গেলে নিলয় ধাক্কা দিয়ে তাদের একজনকে নিচে ফেলে দেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে এলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই