শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৩, ২১ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসীর প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান ও টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
গত ১৯ ও ২১ নভেম্বর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় হয়েছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। অন্যদিকে, ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।
জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
দুই গ্রুপে প্রতিযোগিতা
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যদিকে, ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
বিভাগীয় পর্যায়ে নিবন্ধন করেন ২ হাজার ৫৮০ জন
বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। এতে দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন নিবন্ধন করেন।
নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়।
বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি তাঁদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত দুই গ্রুপের ৪৮ জন বিজয়ীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই