শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৪, ২১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ওই দিন রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাবে চলে। তাই প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। পরদিন থেকে শুরু হবে রোজা। চাঁদ দেখা না গেলে রমজান শুরুর তারিখ পরিবর্তিত হবে।
রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের তারিখ নির্ভর করে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।
রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে এ মাস অত্যন্ত পবিত্র। কারণ, এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থাকেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস