শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫০, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর সেনবাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১, সিপিসি-৩-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত সেনবাগ থানাধীন গাজীর হাট বাজার এলাকায় ফেনী-সোনাইমুড়ী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মদনপুর (মাদ্রাসা বাড়ি) এলাকার মীর হোসেন মিলনের ছেলে হাবিবুর রহমান (২৬) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার মইশাই (দর্জি বাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে তাইজুল ইসলাম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে ৪৮ বোতল ভারতীয় বিদেশি মদ, ২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার করা মদের মধ্যে রয়েছে রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি ১২ বোতল, ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি ১২ বোতল এবং রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ২৪ বোতল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(খ), ১৯(ক), ২৬(১) ও ৪১ ধারায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সেনবাগ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই