শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর বেগমগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে জড়ো হন। পরে তারা একটি মিছিল নিয়ে চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করেন।
একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়টির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস