ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩, ১০ জমাদিউস সানি ১৪৪৮

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২:২৮, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৯, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৪

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ কিংবা চুলার চাবি চালু থাকার কারণে গ্যাস নির্গত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য কেউ দিয়াশলাই জ্বালালে মুহূর্তের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন এসে আগুন নেভান। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনজনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের সবার শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ওই বাসায় গিয়ে তিনি গ্যাসের চুলার চাবি চালু পেয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন