শিরোনাম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৫, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। টানা তিন দিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও শ্রমজীবীরা। অন্যদিকে, অতিবৃষ্টিতে রোপা আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আজ শনিবারও থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। কমেছে বাজার ও বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতিও। ফলে বেচাকেনা কমে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রিকশা ও অটোরিকশাচালকদের। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এতে দৈনিক আয় কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসব শ্রমজীবী মানুষ।
রিকশাচালক হাকিম সিকদার বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। যাত্রীও তেমন পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আয় হচ্ছে না। অথচ প্রতিদিনের আয়ের ওপরই সংসার চলে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিবার নিয়ে কষ্টে পড়তে হবে।
বৈরী আবহাওয়ায় দুর্ভোগ বেড়েছে বিভিন্ন খেয়াঘাটেও। বিশেষ করে নলছিটিমুখী যাত্রীদের বৃষ্টির মধ্যে খেয়া পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই জরুরি প্রয়োজনে নদী পার হচ্ছেন অনেকে।
ট্রলারচালক করিম মাঝি বলেন, বৃষ্টির কারণে নদীতে যাত্রী চলাচল কমে গেছে। জরুরি প্রয়োজনে যারা পারাপার হচ্ছেন, তাদের নিয়েই ট্রলার চালাতে হচ্ছে। বৈরী আবহাওয়ায় নদীতে চলাচলেও সমস্যা হচ্ছে। যাত্রী কম থাকায় আয়ও কমে গেছে।
এদিকে, টানা বৃষ্টিতে কৃষি খাতেও উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকরা জানান, রোপা আমন ধানে শীষ বের হয়েছে। এ অবস্থায় অতিবৃষ্টিতে জমিতে পানি জমে ধানগাছ হেলে পড়ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতকালীন সবজির ক্ষেত। অনেকের লালশাক, ধনেপাতা, পালংশাক, মূলাশাক ও লাউগাছ বৃষ্টির পানিতে পচে নষ্ট হয়ে গেছে।
কৃষক হারুন ও কামরুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে তাদের শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লালশাক, ধনেপাতা, পালংশাক, মূলাশাক ও লাউগাছ নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আমন ধানও হেলে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, টানা বৃষ্টিতে কিছু জমির ধান হেলে পড়েছে। এ ছাড়া মাঠে থাকা খেসারির ডালেও পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে এবং দ্রুত জমির পানি নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা।
সব মিলিয়ে টানা বৃষ্টিতে ঝালকাঠিতে জনদুর্ভোগ বাড়ছে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে ফসলের ক্ষতির আশঙ্কা—দুই দিক থেকেই চাপে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও কৃষকরা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই