শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১০:৩২, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের বিয়ের পরদিন স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছেন এক অন্তঃসত্ত্বা তরুণী। ওই তরুণীর দাবি, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন ওমর ফারুক। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানান ফারুক। এদিকে ওই তরুণীর বাড়িতে অবস্থানের খবর পেয়ে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন ফারুক।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ফারুক ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোরকা ও নেকাব পরা অবস্থায় ওই তরুণী ফারুকের বসতঘরের সামনে একটি চেয়ারে বসে ছিলেন। তবে বাড়িতে পাওয়া যায়নি ফারুককে।
তরুণীর দাবি, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ফারুকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান ফারুক। সেখানে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন ফারুক। একপর্যায়ে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
ওই তরুণী আরও জানান, বৃহস্পতিবার ফারুক অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তিনি ফারুকের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফারুক ফোন ধরেননি। পরে কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে গিয়ে অবস্থান নেন।
এদিকে ঘটনার পর থেকে ফারুকের বাবাকেও বাড়িতে পাওয়া যায়নি। বাড়িতে ছিলেন ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার।
নাজমা আক্তার জানান, তার দেবরকে পারিবারিকভাবে বিয়ে করিয়ে নববধূকে বাড়িতে আনা হয়। এর মধ্যে রাতে এক নারী এসে তার দেবরের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে ওই নারী চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি এড়াতে তার দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ওমর ফারুক নববধূকে নিয়ে বাড়িতে এলে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তবে রাতেই এক নারী বাড়িতে এসে ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তার গর্ভে ফারুকের সন্তান রয়েছে বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিস্থিতির কারণে ফারুক তার বাবা ও নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগ অনুযায়ী, পুরো ঘটনাটি ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় ঘটেছে। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর এলাকায়, তাই ভুক্তভোগীকে সেখানেই আইনি ব্যবস্থা নিতে হবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস