শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৭, ২১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হয়েছে। তবে প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনে সরকার কাজ করছে। এ ছাড়া বাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা ও পরিবারের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক। এ লক্ষ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ-বিদেশে দায়িত্ব পালন, দুর্যোগ মোকাবিলা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সদস্যদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানের শুরুতে সেনানিবাসের সঙ্গে পারিবারিক স্মৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই