ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

‘আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন দেশের ৬৩ জেলায় প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ১৯ নভেম্বর ২০২৬

‘আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন দেশের ৬৩ জেলায় প্রয়োজন’

ছবি: ঢাকা এক্সপ্রেস

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাটের’ মতো সংগঠন দেশের ৬৩ জেলায় প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে করা যায় না।

আজ বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, সব সমস্যার সমাধান আইন করে সম্ভব নয়। তবে সামাজিক সংগঠনের উদ্যোগে অনেক সমস্যার সমাধান করা যায়। এ ধরনের সংগঠন দেশের সব জেলায় গড়ে উঠলে হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, সংগঠনটিতে বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতের মানুষ একসঙ্গে কাজ করছেন। ঐক্যবদ্ধভাবে সামাজিক উদ্যোগ নেওয়া হলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তারেক রহমান বলেন, মানুষের ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ ও বাজারে আবর্জনা জমছে। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লালমনিরহাটকে পরিচ্ছন্ন জেলায় পরিণত করতে পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্যোগ নিতে সংগঠনটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

এ জন্য ঘরে ঘরে গিয়ে মানুষকে সচেতন করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাদকাসক্তি ও পারিবারিক বিরোধ নিরসনে যেভাবে সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও জনসচেতনতা তৈরি করতে হবে।

বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ধীরে ধীরে গাছের সংখ্যা বাড়বে। শিশুদের নামে ২০টি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, গাছগুলো বড় হলে ভবিষ্যতে তা তাদের অর্থনৈতিক প্রয়োজন মেটাতেও কাজে আসতে পারে।

গাছের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বাড়ির আশপাশে বড় গাছ থাকলে পরিবেশ ঠান্ডা থাকে এবং প্রাকৃতিক বাতাস পাওয়া যায়। পাশাপাশি ঝড়-তুফান ও টর্নেডোর সময় গাছ ঘরবাড়ি রক্ষায় সহায়তা করতে পারে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন