ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

বরিশালে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে আগুন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

বরিশালে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে আগুন

ফাইল ছবি

বরিশালে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার তহুরা মঞ্জিলে এ ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী বাসভবনটিতে প্রবেশ করে ভাঙচুর চালান। একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, ভবনটিতে জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। একই ভবনের অন্য অংশে থাকতেন জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক। তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন