শিরোনাম
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২:৫২, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৩, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বেতন বৃদ্ধির দাবিতে অশান্ত গাজীপুর শিল্পাঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে বুধবারও উত্তাল গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাদা রঙের একটি গাড়িতে আগুন দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মোবাইল ফোনে তিনি জানান, শ্রমিকদের আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। এ বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।
গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, গাড়িতে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে জানান তিনি।
শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। পরিস্থিতি দেখতে গাড়িটি নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় তিনি গাড়ি থেকে নামেন। পরে মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
এ কর্মকর্তা আরও বলেন, শ্রমিকরা আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন বলে জানান।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস