শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৬, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস