শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৩৩, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছিল। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্য রয়েছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে সরকারের আলোচনা চলছে। দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা প্রতারণা করে মানুষের অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রণোদনার অর্থের উৎস সম্পর্কে তাঁর কাছে বিষয়টি স্পষ্ট নয়। সংসদ সদস্য প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করলে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা যেতে পারে।
ঢাকা এক্সপ্রেস/এসআই