ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে যাননি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৯, ১৭ নভেম্বর ২০২৬

বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে যাননি প্রতিমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানোর পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাকে বাসায় ফেরার অনুমতি দেন। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

তবে মন্ত্রীর অসুস্থতার সময় হাসপাতালে তাকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এমনকি জাতীয় সংসদেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তির এমন অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে, বিভিন্ন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর অবস্থান এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব বণ্টন নিয়ে মতপার্থক্যের কারণে দুই শীর্ষ ব্যক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না।

এর আগে গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। পরদিন ১৫ নভেম্বর বিকেলে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্রের দুটি ব্লকে সফলভাবে স্টেন্ট স্থাপন করেন। একই সঙ্গে অপর একটি ব্লকে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার ডাইলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়।

অস্ত্রোপচারের পর একদিন সিসিইউতে এবং পরবর্তী সময়ে হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারও তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজ নেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার। চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাকর্মীরাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এতসব রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির উপস্থিতির মধ্যেও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থেকে এ দূরত্বের সৃষ্টি হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন