ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫২, ১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে: তথ্য উপদেষ্টা

ছবি: ঢাকা এক্সপ্রেস

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে ভারত বা অন্য কোনো দেশ কথা বলতে পারে না। সরকারকে অন্যায় চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ানোর দিন শেষ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের একজন আসামির বিষয়ে সিদ্ধান্ত দেশের আইন অনুযায়ীই নির্ধারিত হবে। এ নিয়ে ভারত বা অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই। তারা কথা বলবে বলেও তিনি বিশ্বাস করেন না। সরকার এ বিষয়ে কোনো চাপে নেই।

এদিকে, দেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে আগামী জানুয়ারিতে সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে শুধু বিনোদনের সুযোগই তৈরি হবে না, তরুণ প্রজন্মের বিপথে যাওয়ার প্রবণতা থেকেও বের করে আনা সম্ভব বলে মনে করে সরকার।

২০২৭ সালের হজ চুক্তি সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ চুক্তি নিয়ে পরবর্তী সময়ে কী হবে, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কী চাওয়া হবে এবং কীভাবে চাওয়া হবে, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে গঙ্গার পানি চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার সরাসরি কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠকে বসলে যেকোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে।

অন্যদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নামে সাধারণ মিছিল করাও বেআইনি বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব কর্মসূচিতে নৃশংসতা ও সহিংসতার চিত্র দেখা গেছে। এ ধরনের ঘটনা সরকার সহ্য করবে না।

তবে পুলিশ এমনভাবে অভিযান পরিচালনা করবে, যাতে তা কার্যকর হয় এবং বলপ্রয়োগের মাত্রা পরিস্থিতির তুলনায় বেশি না হয়। সহিংসতায় যাদের ছবি দেখা গেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন