ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগে: পরীমনি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৬, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৮, ১৭ নভেম্বর ২০২৬

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগে: পরীমনি

ছবি: ঢাকা এক্সপ্রেস

আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। প্রায় ছয় বছর ধরে আদালতে যাওয়া-আসার পথে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বলে দাবি করেছেন তিনি। তবে সম্প্রতি এক সাংবাদিক তাকে স্পর্শ করায় আপত্তি জানান অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ উপস্থিত হন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ঘটনাটি বর্ণনা করে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

এ সময় নিজের দীর্ঘদিনের আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’

এদিকে, পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। তার গাড়িও মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ করা হয়।

এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন