শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০৪, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
কথাটি শুনলেই গা শিউরে উঠতে পারে, কিংবা শরীরজুড়ে ছড়িয়ে পড়তে পারে অস্বস্তিকর অনুভূতি। অথচ বলিউড তারকা পরেশ রাওয়াল ঠিক এমন কাজই করেছিলেন। শুধু একদিন নয়, টানা ১৫ দিন ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে নিজের প্রথম প্রস্রাব পান করতেন তিনি। নিছক খেয়ালের বশে নয়, একটি বিশেষ শারীরিক জটিলতা থেকে সুস্থ হয়ে উঠতে এমন উপায় বেছে নিয়েছিলেন এই অভিনেতা।
ঘটনাটি প্রায় তিন দশক আগের, নব্বইয়ের দশকের শেষ দিকের। বলিউডের রুপালি পর্দায় তখন জোরকদমে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল। তারই বহুল আলোচিত সিনেমা ‘ঘাতক’-এর শুটিং সেটে হঠাৎ মারাত্মক দুর্ঘটনায় পড়েন পরেশ রাওয়াল। হাঁটুর হাড় ও পায়ে গুরুতর আঘাত পান তিনি।
চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে অভিনেতার মনে হয়েছিল, বুঝি এখানেই ইতি টানতে হচ্ছে তার অভিনয়জীবনের! সেই কঠিন সময়ে বাধ্য হয়েই অদ্ভুত এই ঘরোয়া দাওয়াইয়ের সাহায্য নেন তিনি। অবিশ্বাস্য হলেও সত্যি, এতে চমৎকার ফল পেয়েছিলেন বলে দাবি করেন পরেশ। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন এই অজানা গল্প। খবর আনন্দবাজার অনলাইনের।
অভিনেতা জানান, ওই ‘ওষুধের’ পরামর্শ দিয়েছিলেন বলিউডের খ্যাতনামা অ্যাকশন পরিচালক বীরু দেবগন। তিনি বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা। বীরু পরেশকে জানান, তার পেশার লোকজন চোট সারানোর ওষুধ হিসেবে নিজের প্রস্রাব পান করে থাকেন। পরেশের ভাষ্য, বীরু তাকে ‘গ্যারান্টি’ দিয়ে বলেছিলেন, এটি পান করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না।
পরেশ তখনো জানতেন না, এই চিকিৎসাপদ্ধতি নাকি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে। ভারতের প্রাচীন চিকিৎসাশাস্ত্রে এর উল্লেখ আছে। প্রাচীন মিশর, গ্রিস ও রোমেও প্রস্রাবের মাধ্যমে চিকিৎসার কথা লিখে গেছেন জ্ঞানীরা। এই পদ্ধতিকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাজিয়া।
এক সাক্ষাৎকারে পরেশ ওই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। সময়টা ১৯৯৬ সাল। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ ছবির একটি দৃশ্যে অভিনেতা রাকেশ পাণ্ডের তাকে বাজারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা ছিল। মহড়ার সময় বিষয়টি হালকাভাবেই করা হয়েছিল। কিন্তু মূল শুটিংয়ের সময় টানটি একটু জোরে হয়ে যায়। পরেশের পায়ের জুতাও ছিল পিচ্ছিল। ফলে তিনি সজোরে হাঁটুতে আঘাত পেয়ে রাস্তার ওপর পড়ে যান। এতে তার পা মারাত্মকভাবে জখম হয়।
ছবির অন্য দুই অভিনেতা টিনু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাকে নিয়ে ছোটেন নানাবতী হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ঠিকভাবে উঠে দাঁড়াতে অন্তত দুই মাস সময় লাগবে। অথচ বাস্তবে দেড় মাসের মধ্যেই সুস্থ হয়ে কাজে যোগ দেন পরেশ। সাক্ষাৎকারে তিনি জানান, তার দ্রুত সুস্থ হয়ে ওঠার গতি দেখে চিকিৎসকেরাও অবাক হয়েছিলেন। পরেশ এখনো মনে করেন, এই দ্রুত নিরাময়ের পেছনে বীরুর দেওয়া ‘ওষুধের’ ভূমিকা ছিল।
বীরু পরেশকে বলেছিলেন, সকালে খালি পেটে দিনের প্রথম প্রস্রাব পান করতে। একই সঙ্গে আগের রাতে কোনো ধরনের অ্যালকোহল পান না করার পরামর্শ দিয়েছিলেন। পরেশ জানান, তিনি বীরুর বলা ‘ওষুধ’ পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেন। আর পান করবেন যখন, ভালোভাবেই পান করবেন। পরেশের ভাষ্য, তিনি কোনোভাবে গলাধঃকরণ না করে আস্তে আস্তে চুমুক দিয়ে বিয়ারের মতো করে সেটি পান করতে শুরু করেন। এভাবে টানা ১৫ দিন কাজটি করেন তিনি।
১৫ দিন পর পায়ের আবার এক্স-রে করান পরেশ। অভিনেতার দাবি, প্রতিবেদন দেখে চিকিৎসকেরা অবাক হয়ে যান। তার পা সেরে ওঠার গতি দেখে তারা চমকে গিয়েছিলেন।
ভারতীয় চিকিৎসাশাস্ত্র সুশ্রুত সংহিতা থেকে শুরু করে মিশরের চিকিৎসাবিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাসে এই চিকিৎসাপদ্ধতির উল্লেখ পাওয়া যায়। চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রেও এর উল্লেখ রয়েছে। এ ছাড়া প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডারও তাদের লেখায় চিকিৎসায় প্রস্রাব ব্যবহারের কথা উল্লেখ করেছেন।
পরবর্তী সময়ে ব্রিটেনের প্রাকৃতিক চিকিৎসক জন ডব্লিউ আর্মস্ট্রং ১৯৪৪ সালে প্রকাশিত তার ‘দ্য ওয়াটার অব লাইফ’ বইয়ে ইউরিন থেরাপির সুফল নিয়ে আলোচনা করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও এই চিকিৎসাপদ্ধতি নিয়ে কথা বলেছিলেন। নিজের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের রহস্য হিসেবে নিয়মিত স্বমূত্র পানের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে সে সময়ও ব্যাপক আলোচনা হয়েছিল।
যদিও আধুনিক বিজ্ঞান এই চিকিৎসাপদ্ধতিকে স্বীকৃতি দেয় না। বিভিন্ন গবেষণাতেও এই পদ্ধতিতে রোগ নিরাময়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, প্রস্রাবের ৯৫ শতাংশ পানি হলেও বাকি অংশে থাকে শরীরের পরিত্যক্ত বর্জ্য পদার্থ ও লবণ। এমনকি এতে ব্যাকটেরিয়াও থাকতে পারে। এসব উপাদান আবার শরীরে প্রবেশ করলে উপকারের চেয়ে অপকারের আশঙ্কাই বেশি।
বিজ্ঞানের যুক্তি অনুযায়ী, কোনো আঘাত কত দ্রুত সারবে, তা নির্ভর করে শরীরের স্বাভাবিক নিরাময়ক্ষমতা এবং চিকিৎসাপদ্ধতির ওপর। শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রস্রাবের এতে আলাদা কোনো ভূমিকা নেই। ফলে পরেশের ঘটনাটি আশ্চর্য এক গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে থাকলেও এটি কখনোই বিজ্ঞানভিত্তিক চিকিৎসাপদ্ধতির বিকল্প হতে পারে না।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস