ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

নয় বছরের যাত্রা শেষে থামছে ‘ব্যাচেলর পয়েন্ট’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:১৬, ১০ নভেম্বর ২০২৬

নয় বছরের যাত্রা শেষে থামছে ‘ব্যাচেলর পয়েন্ট’

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মের মন জয় করা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের খোরাক জুগিয়ে আসছে। তবে এবার শেষ সময়ের মুখোমুখি দাঁড়িয়েছে ধারাবাহিকটি। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা অমি।

সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ দিনের শুটিং। এর মধ্য দিয়ে পর্দায় দর্শকপ্রিয় এই ধারাবাহিকের দীর্ঘ যাত্রার ইতি ঘটতে যাচ্ছে।

ঘোষণার পর থেকেই মন খারাপ নির্মাতা কাজল আরেফিন অমি থেকে শুরু করে নাটকটির লাখো ভক্তের। অমির দীর্ঘদিনের ক্যারিয়ারে এমন ঘটনা এবারই প্রথম। ধারাবাহিকটির শেষ মুহূর্তের শুটিং প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, জীবনে প্রথমবারের মতো তার শুটিংয়ে যেতেই ইচ্ছা করছে না।

অমি বলেন, ‘জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।’

এর আগে নাটকটির পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার মুক্তি পেয়েছে। তবে এই জনপ্রিয় ধারাবাহিকের শেষ চ্যাপ্টারটি কবে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি নির্মাতা।

ধারাবাহিকটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে এর বিচিত্র সব চরিত্র। বিভিন্ন আইকনিক চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার।

এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু করেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ প্রায় নয় বছরের পথচলায় ধারাবাহিকটি পেরিয়েছে চারটি সিজন। এবার চ্যাপ্টার ১৭-তে গিয়ে জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজন শেষ হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন