ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

এআই ছবিতে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, প্রতিবাদ বাকৃবির

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৬, ১০ নভেম্বর ২০২৬

এআই ছবিতে উপাচার্যের নামে ভুয়া বক্তব্য, প্রতিবাদ বাকৃবির

ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যও তাঁর নামে প্রচারিত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।

সম্প্রতি ‘Aspect Series- আসপেক্ট’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে একটি বক্তব্য প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের অনুরোধে এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বাকৃবি। অন্যথায় বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করত।

তবে এমন কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেছেন বাকৃবি উপাচার্য। তিনি জানান, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সম্প্রতি একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এ বছরের ভর্তি পরীক্ষা পরিচালনা ও আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সভায় তিনি উপস্থিত থাকলেও শেকৃবি উপাচার্যের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।

উপাচার্য আরও বলেন, তাঁর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করে নামের সঙ্গে মিথ্যা বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। ছবিতে ব্যবহৃত পোশাকও তাঁর নয়। এভাবে মনগড়া তথ্য প্রচার করা অনুচিত।

এ ঘটনায় সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের বক্তব্য প্রচার অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

এ ছাড়া সংশ্লিষ্ট ফেসবুক পেজের কর্তৃপক্ষকে অবিলম্বে পোস্টটি সরিয়ে যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভবিষ্যতে কারও বক্তব্য প্রচারের আগে তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখারও অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন