ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

বরগুনায় ২২ হাজার ৫০০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ-সার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৯:২২, ১০ নভেম্বর ২০২৬

বরগুনায় ২২ হাজার ৫০০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ-সার

ছবি: ঢাকা এক্সপ্রেস

উপকূলীয় এলাকায় ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে বরগুনায় ২২ হাজার ৫০০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সূর্যমুখীসহ উপযোগী ফসলের আবাদ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের ঘটখালী ব্লকে কৃষক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা এ সমাবেশের আয়োজন করে। এতে ১৫০ জন কৃষক ও জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন উইংয়ের উপপরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ।

সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফসলের আবাদ বাড়াতে হবে। বিশেষ করে সূর্যমুখী চাষের মাধ্যমে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বক্তারা আরও জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনা জেলার ২২ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করা হবে।

কৃষক সমাবেশ শেষে বরগুনা জেলায় কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন