ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪৭, ৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মাখরাজ মসজিদসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজিত সমাবেশ ও র‍্যালি শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই পক্ষের অন্তত ৭ থেকে ৮ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহান (৪০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের দাবি, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে তাদের অনুসারীদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরেই সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ ঢিল ছোড়াছুড়ি করলে কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন