ঢাকা, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১২:০০, ৯ নভেম্বর ২০২৬

বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন

ছবি: ঢাকা এক্সপ্রেস

বরগুনা শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত পুলিশ লাইনের সামনেই দুর্বৃত্তদের আগুনের শিকার হয়েছে সরকারি বাস।

রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সড়কে পার্ক করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই দিনও বাসটি পুলিশ লাইনসংলগ্ন সড়কের পাশে রাখা ছিল। গভীর রাতে সুযোগ বুঝে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়ে।

তবে আগুনের শিখা ডিউটিরত পুলিশ সদস্যদের চোখ এড়ায়নি। মুহূর্তের মধ্যে তারা পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাদের দ্রুত তৎপরতায় আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি। তবে এর কিছু অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। তাদের ধরতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন