শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২:১৮, ৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন ঘিরে কুড়িগ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজ। মানুষের উপচে পড়া ভিড়, হাসি-আনন্দ আর ঢাকের বাজনায় মুখর হয়ে উঠেছে পরিবেশ।
রোববার (৮ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে দুর্বার তারুণ্য বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও খেলাধুলাকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে খেলার মাঠ। দর্শনার্থীদের মুখের হাসি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এসব খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন শিশু-কিশোরসহ নানা বয়সী নারী-পুরুষ। চারপাশে মানুষের ভিড় আর হাসি-আনন্দ অনেকের মনে অতীতের স্মৃতি ফিরিয়ে আনে।
আয়োজনে ছিল তেলমাখা কলাগাছে ওঠা, চোখ বেঁধে হাঁস ধরা ও সাঁতারের মতো ঐতিহ্যবাহী খেলা। খেলার সঙ্গে ঢাকের বাজনা দর্শকদের আনন্দ ও উৎসাহ আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্যসচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়ক মকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এবং দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবীসহ আরও অনেকে।
ঢাকা এক্সপ্রেস/এসএস