শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩, ৯ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রতিবছর বাড়ছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২৪। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮০-তে। চলতি বছর অকৃতকার্য হয়েছেন ১৩৯ জন।
২০২৪ সালে এইচএসসিতে প্রতিষ্ঠানটির পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৫৫৯ জন। ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে পাস করেন ২ হাজার ৪৩৪ জন।
চলতি বছর এইচএসসিতে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৩৯৬ জন। এর মধ্যে ১৯ জন পরীক্ষায় অংশ নেননি। পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে পাস করেন ২ হাজার ২৩৮ জন এবং অকৃতকার্য হন ১৩৯ জন। পরীক্ষায় অংশ না নেওয়া ১৯ জনকে অকৃতকার্য হিসেবে ধরলে কাগজে-কলমে এ সংখ্যা দাঁড়ায় ১৫৮।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, চলতি বছর এইচএসসিতে অকৃতকার্য ছাত্রীদের মধ্যে ৬৬ জন অনিয়মিত ছিলেন। এই সংখ্যা বাদ দিলে নিয়মিত ছাত্রীদের মধ্যে অকৃতকার্যের সংখ্যা কম।
অকৃতকার্য শিক্ষার্থী বাড়ার কারণ সম্পর্কে মাজেদা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘এবার নামকরা বিভিন্ন কলেজের ফল কিছুটা খারাপ হয়েছে। ভিকারুননিসাতেও কিছু ছাত্রী ফেল করেছে। প্রশ্নের ধারা পরিবর্তন হয়েছে, মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। এর প্রভাব হয়তো ফলাফলে পড়েছে।’
তবে প্রতিষ্ঠানটিতে এসএসসির ফলে গত কয়েক বছরে বড় ধরনের তারতম্য দেখা যায়নি। ২০২৫ সালে ২ হাজার ১১৬ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে অকৃতকার্য হন ৫৫ জন। চলতি বছর ২ হাজার ১২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন ৫৪ জন।
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এ কলেজে তুলনামূলক ভালো ফল করা ছাত্রীরা ভর্তি হন। এসএসসিতে ভালো ফল নিয়ে ভর্তি হয়েও তাদের অনেকেই এইচএসসিতে অকৃতকার্য হচ্ছেন।
কলেজ শাখায় ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ দশমিক ৫০ এবং মানবিক বিভাগে জিপিএ-৪ থাকতে হয়। নিজ প্রতিষ্ঠানের ছাত্রীদের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল। তাদের বিজ্ঞান বিভাগে জিপিএ-৩ দশমিক ৫০ এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে জিপিএ-৩ থাকতে হয়।
ভিকারুননিসার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু এশিয়া পোস্টকে বলেন, ‘পাবলিক পরীক্ষায় একসময় স্কুলটি ভালো ফল করত। এবার এ কলেজের ফলে হতাশ হয়েছি। এসএসসিতে এ প্লাস পেয়েও এইচএসসিতে ফেল করা দুঃখজনক। এখানে লেখাপড়ার মান নিম্নমানের। শিক্ষকরা আদর্শচ্যুত। তারা সঠিক দায়িত্ব পালন করেন বলে মনে করি না।’
তিনি বলেন, ‘শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িত। যারা কোচিং করান, তারা শ্রেণিকক্ষে ভালোভাবে পড়ান না। ফলে কোচিং না করা ছাত্রীরা কাঙ্ক্ষিত ফল করতে পারছে না। এই কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।’
জিয়াউল কবির দুলুর মতে, জুলাই অভ্যুত্থানের পর যারা সভাপতির দায়িত্ব পেয়েছেন, তারা সবাই সরকারি কর্মকর্তা। সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো তারা কলেজের দায়িত্ব পালনে উদাসীন হয়ে পড়ছেন। এ কারণে দিনে দিনে ফল খারাপ হচ্ছে।
প্রতিষ্ঠানটি নিয়ে অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৪ সালে প্রথম শ্রেণিতে ১৬৯ ছাত্রীর ভর্তি নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। পরে হাইকোর্ট তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ওই ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করা হয়। একই বছর ক্ষমতার অপব্যবহার ও অবৈধভাবে ৭২ জন শিক্ষক-কর্মচারী নিয়োগের অভিযোগে প্রতিষ্ঠানটির এক সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ছিদ্দিকুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘এইচএসসিতে কলেজগুলোতে কেন কাঙ্ক্ষিত মানের ফল হচ্ছে না, তা নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। রাজধানীর প্রাণকেন্দ্রে থাকা এমন কলেজে মানসম্মত শিক্ষক ও শিখন উপকরণের ঘাটতি থাকার কথা নয়। তবুও কেন অপ্রত্যাশিত ফল, তা বের করা দরকার।’
ঢাকা এক্সপ্রেস/এসএস