শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২:০৬, ৯ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
দীর্ঘদিনের ভোগান্তি ও জমি জবরদখলের অবসান ঘটিয়ে অবশেষে পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার তালাত রিজওয়ানা ও তার পরিবার।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজেদের মালিকানাধীন জমি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আনন্দ ও স্বস্তিতে মাটিতে লুটিয়ে পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন রিজওয়ানা।
জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া মৌজার ১০৫ নম্বর জেএল, ২৬২ নম্বর এসএ খতিয়ান এবং ৮১৩ নম্বর এসএ নামজারি খতিয়ানভুক্ত জমিটি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের জবরদখলে ছিল বলে অভিযোগ রয়েছে। ৩৭ নম্বর আরএস খতিয়ান ও ৮২১২ নম্বর আরএস দাগের অন্তর্ভুক্ত ১ দশমিক ৩৯ শতক আয়তনের পৈতৃক জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ভোগদখল থেকে বঞ্চিত ছিলেন তালাত রিজওয়ানা ও তার পরিবারের সদস্যরা।
দীর্ঘ প্রতীক্ষা ও আইনি লড়াইয়ের পর জমিটি ফিরে পেয়ে সেখানে নিজেদের মালিকানা-সংবলিত সাইনবোর্ড স্থাপন করেন তারা। এতে পরিবারটির দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান ঘটে।
জমি ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তালাত রিজওয়ানা (পিতা: ফারুকুর রহমান) জানান, মহান আল্লাহর ওপর ভরসা রেখেই তারা দীর্ঘদিন ধরে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন। অবশেষে নিজেদের ন্যায্য পৈতৃক অধিকার ফিরে পাওয়ার মুহূর্তটি তার জন্য অত্যন্ত আবেগঘন ছিল। আনন্দে ভাষা হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছিল তার।
এদিকে, দীর্ঘদিনের ভোগান্তি শেষে একটি পরিবারের পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যেও স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস