শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৫:৩৫, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৬, ১০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জুম্ম জাতির জনক মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রভাতফেরি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় এমএন লারমার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মরণসভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য গুনেন্দু বিকাশ চাকমা এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী শিশির চাকমা।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি চুক্তিবিরোধী পক্ষ সাজেককে কেন্দ্র করে নানা অপপ্রচার চালাচ্ছে। মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে প্রহসন করা হচ্ছে। তাদের দাবি, সাজেকে সন্তু লারমার গ্রুপের কেউ থাকতে পারবে না।
বক্তারা বলেন, তাদের দাবি হওয়া উচিত ছিল সাজেকে কোনো অবৈধ অস্ত্রধারী থাকতে পারবে না। কিন্তু তা না করে তারা জেএসএসকে সরানোর দাবি জানাচ্ছে। সাজেক কি তারা লিজ নিয়েছে—এমন প্রশ্নও তোলেন বক্তারা।
এমএন লারমার সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে বক্তারা বলেন, তিনি শোষিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আজীবন স্বজাতির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি।
তারা আরও বলেন, লড়াই-সংগ্রাম ছাড়া পৃথিবীতে কোনো জাতির অস্তিত্ব টিকে থাকেনি। তাই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এমএন লারমার আদর্শ ধারণ করে পাহাড়ের অধিকারবঞ্চিত মানুষের আন্দোলন এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, এমএন লারমা ১৯৭০ সালের নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে চার দফা সংবলিত আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিনামা পেশ করেন।
একই বছর তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) গঠনে ভূমিকা রাখেন এবং সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জেএসএসের মনোনীত প্রার্থী হিসেবে পার্বত্য চট্টগ্রাম আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
১৯৮৩ সালের ১০ নভেম্বর দলের বিভেদপন্থি গ্রুপের হাতে আট সহযোগীসহ নিহত হন এমএন লারমা।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই