শিরোনাম
জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৪, ১০ নভেম্বর ২০২৬
ড. শাখাওয়াত হোসেন সরকার। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ১৪ অক্টোবরের সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘মব’ হিসেবে আখ্যায়িত করেছেন তদন্ত কমিটির সদস্য ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন সরকার।
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, সোমবার (৯ নভেম্বর) তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।
সোমবার বেলা ১১টার পর কলা অনুষদ থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে যান শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে তারা ভবনের ফটকে অবস্থান নেন। তাদের দাবি, ১৪ অক্টোবরের সংঘর্ষের তদন্ত প্রতিবেদন সোমবারের মধ্যে প্রকাশ করতে হবে এবং প্রতিবেদন জমার সাত দিনের মধ্যে বিশেষ সিন্ডিকেট সভা ডেকে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।
এ সময় প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি শোনেন। তিনি জানান, নিরপেক্ষ তদন্তের স্বার্থে গত ১০ দিনে ছয়-সাতটি আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং প্রতিবেদন প্রায় প্রস্তুত। শিগগিরই শৃঙ্খলা বোর্ডের সভা হবে বলেও আশ্বাস দেন তিনি। একপর্যায়ে আহত শিক্ষার্থী সাকিব ক্ষোভ প্রকাশ করে বলেন, “১০ দিনে ৬,৭ বার বৈঠক করেছেন, আমি মারা গেলে আর কয়দিন বৈঠক করতেন?”
উপাচার্য ক্যাম্পাসে না থাকায় প্রক্টর শিক্ষার্থীদের কোষাধ্যক্ষের কাছে নিয়ে যান। সেখানে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ জানান, সাক্ষীদের বক্তব্য নেওয়া, ক্লাস-পরীক্ষার সময়সূচি এবং ভিডিও ফুটেজ যাচাইয়ের কারণে তদন্তে সময় লাগছে। সঠিক ও নিরপেক্ষ সিদ্ধান্তের জন্য এসব বিষয় যাচাই করা হচ্ছে। সোমবারের মধ্যেই প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
উপাচার্য মঙ্গলবার ক্যাম্পাসে ফিরলে দ্রুত শৃঙ্খলা বোর্ডের সভা আহ্বানের পরামর্শ দেবেন এবং স্বল্প সময়ে শাস্তির সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করবেন বলেও জানান কোষাধ্যক্ষ। তার ভাষ্য, “দৃষ্টান্তমূলক শাস্তি হবে।”
আলোচনার একপর্যায়ে অধ্যাপক শাখাওয়াত শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন, “তোমরা ‘মব’ করছো কেন?” প্রশাসনিক কাজে বাধা দেওয়া এবং সিদ্ধান্ত আদায়ে প্রশাসনিক ভবন অবরুদ্ধ রাখার অভিযোগও তোলেন তিনি। জবাবে শিক্ষার্থীরা জানতে চান, শান্তিপূর্ণভাবে বিচার দাবি করাকে কীভাবে ‘মব’ বলা যায়। এ সময় উপস্থিত কয়েকজন তাদের শান্ত থাকার পরামর্শ দেন।
শাখাওয়াতের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, কথার প্রেক্ষাপটে শাখাওয়াত ওই মন্তব্য করেছেন।
গত ১৪ অক্টোবরের সংঘর্ষের পর ১৫ অক্টোবর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস