শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৬, ৭ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কনসার্টে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড সাত ঘণ্টা ধরে সংগীত পরিবেশন করবে।
সংগীতপ্রেমীদের জন্য কনসার্টে প্রবেশ সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ, অনুষ্ঠান উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।
আয়োজকদের সূচি অনুযায়ী, আজ দুপুর ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর প্রবেশপথ খুলে দেওয়া হবে। বিকেল ৪টা থেকে শুরু হবে মূল সংগীত পরিবেশনা।
একই মঞ্চে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যান্ডের পরিবেশনা ঘিরে ইতোমধ্যে তরুণ ও সংগীতানুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ ও আর্টসেলের পরিবেশনা উপভোগ করতে মুখিয়ে আছেন ভক্তরা।
কনসার্টে জেমস, মাইলস ও ওয়ারফেজ ছাড়াও অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক।
এদিকে কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেমস। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজও। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটি লিখেছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’
ঢাকা এক্সপ্রেস/এসএস