ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩১, ১৪ নভেম্বর ২০২৬

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশ নারী

ফাইল ছবি

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৯০ হাজারের বেশি গ্রামে লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। কিন্তু বছরের পর বছর স্বাস্থ্য খাতে অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ যথাযথভাবে নেওয়া হয়নি।

নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও রোগ প্রতিরোধের ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সুস্থ বাংলাদেশ গড়তে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

জনস্বাস্থ্য উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত ১২ বছর ধরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছে দিতে কাজ করছে আইদেশি।

অনুষ্ঠানের দিনব্যাপী আয়োজনে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা হয়। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী বলেন, থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ এবং জিনগত রোগসহ জনস্বাস্থ্যের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে প্রতিষ্ঠানটি। গবেষণাগারের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও তাদের কার্যক্রম রয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় আইদেশি দ্রুত পরীক্ষার সক্ষমতা বাড়ায় এবং ভাইরাসের ধরন পরিবর্তন পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তোলে। ওই অভিজ্ঞতা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত গবেষণাগারকর্মী ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেছে।

ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার হিসেবে মহামারি মোকাবিলার প্রস্তুতি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ক্লিনিক্যাল ট্রায়াল এবং নতুন চিকিৎসাপণ্য উদ্ভাবনের কথা জানান তিনি। ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতের সংস্কার কর্মসূচির কেন্দ্রে গবেষণা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনকে রাখতে হবে। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং গবেষণা ও উন্নয়নের টেকসই পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস আইদেশিকে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। আণবিক রোগ নির্ণয়, থ্যালাসেমিয়ার বাহক শনাক্তকরণ, সংক্রামক রোগ, টিকা গবেষণা এবং জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি তরুণ বিজ্ঞানী ও গবেষকদের প্রশিক্ষণে আইদেশির উদ্যোগেরও প্রশংসা করেন।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন