ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩, ০৩ জমাদিউস সানি ১৪৪৮

পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৪, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৭, ১৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

ছবি: ঢাকা এক্সপ্রেস

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত এ সংবাদ সম্মেলনের আগে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

তিনি আরও বলেন, রোববার থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে পারবে।

মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। পাশাপাশি উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।

মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন শ্রমিকনেতারা। একই সঙ্গে মালিকদেরও আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধানের পথ খোলা রাখার আহ্বান জানান তাঁরা।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন