শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫:৫২, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৩, ১৪ নভেম্বর ২০২৬
বনের ভেতর প্রোডাকশন ক্রু। ছবি: দ্য গার্ডিয়ান
অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের প্রাচীন বন রক্ষায় ব্যতিক্রমী ও বিতর্কিত উদ্যোগ নিয়েছে দেশটির হোবার্টের মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্ট (মোনা)। ‘অনলিফার্নস’ নামের একটি পোর্টালের মাধ্যমে বনভিত্তিক প্রাপ্তবয়স্কদের ভিডিও বিক্রি করে বন সংরক্ষণের অর্থ সংগ্রহ করা হবে। শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকল্পটির উদ্যোগ নিয়েছেন মোনার প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী ও শিল্পী কির্শা কায়েচেল। এর আওতায় তাসমানিয়ার বিভিন্ন ব্যক্তিগত করাতকল ও বনে প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি করা হচ্ছে। এসব ভিডিও থেকে পাওয়া অর্থ বনকর্মীদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে, যাতে তাঁরা গাছ কাটা বন্ধ রেখে প্রাচীন বন সংরক্ষণে কাজ করতে পারেন।
কায়েচেলের পরিকল্পনা অনুযায়ী, বন ধ্বংসের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মীদের কাঠের হাঁটাপথ নির্মাণ ও শিল্পকর্ম তৈরির কাজে যুক্ত করা হবে। এতে বন সংরক্ষণের পাশাপাশি তাঁদের কর্মসংস্থানও বজায় থাকবে।
প্রকল্পটির ভিডিও নির্মাণে মোনা ও কায়েচেল নির্মাতা এবং কলাকুশলীদের পারিশ্রমিকসহ উৎপাদন ব্যয় বহন করছেন। পাশাপাশি এ উদ্যোগকে ঘিরে একটি তথ্যচিত্র ও বইও প্রকাশ করা হয়েছে।
কায়েচেলের মতে, পরিবেশ সংরক্ষণের নামে বনশিল্পের শ্রমিকদের বাদ দিয়ে কোনো কার্যকর সমাধান সম্ভব নয়। বরং বন রক্ষার উদ্যোগে তাঁদের সম্পৃক্ত করা জরুরি।
তাসমানিয়ার বন ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সংশ্লিষ্ট একটি সরকারি প্রতিষ্ঠানও উদ্যোগটির প্রশংসা করেছে। তাদের মতে, এটি বন ও কাঠ উৎপাদন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করেছে।
তবে প্রকল্পটি নিয়ে পরিবেশবাদীদের মধ্যে মতবিরোধ রয়েছে। বব ব্রাউন ফাউন্ডেশন একে কাঠশিল্পের পক্ষের পরিকল্পনা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, অল্প কিছু প্রাচীন বন রক্ষার বিনিময়ে বাকি বন ও বন্যপ্রাণী ধ্বংসের সুযোগ তৈরি হতে পারে।
অন্যদিকে, গত জুলাইয়ে ওয়াইল্ডারনেস সোসাইটি ফরেস্ট কংগ্রেস থেকে সরে দাঁড়ায়। তাদের অভিযোগ, কাঠশিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের বাণিজ্যিক ও শিল্প কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কোনো পদক্ষেপ নেয়নি।
২০২৩ সালে পরিবেশবাদী, বিজ্ঞানী, পালাওয়া আদিবাসী প্রবীণ এবং বনশিল্পের প্রতিনিধিদের নিয়ে ফরেস্ট কংগ্রেস গঠন করেছিলেন কায়েচেল। ‘অনলিফার্নস’ সেই উদ্যোগেরই অংশ।
কায়েচেলের ভাষ্য, প্রাচীন বন রক্ষায় এমন একটি অর্থনৈতিক মডেল তৈরি করা প্রয়োজন, যেখানে বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হবেন না। এ জন্য তিনি বন রক্ষার বিষয়ে বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করছেন।
প্রকল্পটির মাধ্যমে কত অর্থ সংগ্রহ হবে বা কতজন দর্শক এতে যুক্ত হবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাপ্তবয়স্কদের বিনোদনকে পরিবেশ সংরক্ষণের অর্থায়নে কাজে লাগানোর এই উদ্যোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই