শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:১০, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি দেশটির কোনো অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের চলচ্চিত্রবাজার নিয়ে তার দেওয়া একটি তথ্য ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রবাজারের সম্ভাবনা তুলে ধরতে গিয়ে শাকিব খান দাবি করেন, দেশটিতে বর্তমানে ১ হাজার ২০০টির বেশি সচল সিনেমা হল রয়েছে। এসব হলের বেশিরভাগই মাল্টিপ্লেক্স। তার মতে, পাকিস্তানের কোনো সিনেমা ব্যবসাসফল হলে তা ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে।
এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ করতে চান বলে জানান এই অভিনেতা।
তবে শাকিবের দেওয়া সিনেমা হলের সংখ্যার সঙ্গে দেশটির বর্তমান বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বিভিন্ন প্রতিবেদনে দেশটির সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার তথ্য উঠে এসেছে। এসব প্রতিবেদনের বরাতে বলা হচ্ছে, বর্তমানে পাকিস্তানে সচল সিনেমার পর্দার সংখ্যা এক থেকে দেড়শোর মধ্যে।
ফলে শাকিবের উল্লেখ করা ১ হাজার ২০০ সিনেমা হলের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তবে এই সংখ্যার সঙ্গে অতীতের একটি পরিসংখ্যানের মিল রয়েছে। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে বলা হয়, ১৯৮০-এর দশকে পাকিস্তানে প্রায় ১ হাজার ২০০টি সিনেমা হল ছিল। পরবর্তী সময়ে নানা সংকটে দেশটির চলচ্চিত্র প্রদর্শনব্যবস্থা সংকুচিত হয়ে পড়ে।
শাকিব খান কোন সূত্র থেকে বর্তমান সিনেমা হলের এই সংখ্যা পেয়েছেন, তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।
তবে তথ্যের এই অসংগতির মধ্যেও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের উদ্যোগকে ঢাকাই চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনা হিসেবে দেখছেন অনেকে। দুই দেশের চলচ্চিত্রশিল্পের মধ্যে সহযোগিতা বাড়লে নতুন দর্শক ও বাজার তৈরির সুযোগ তৈরি হতে পারে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই