শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৩২, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় নানা জটিলতা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় অনেকের পক্ষেই এ সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, অনেক হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া কঠিন। এ পরিস্থিতিতে সাধারণ মানুষ বাধ্য হয়ে অদক্ষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।
প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ বা অন্য কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ প্রবণতা পরিবর্তন করতে হবে।
স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে পরিবর্তনের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে উদ্যোগ নেওয়া গেলে বিদ্যমান সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা এবং ডেন্টাল স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই